দীপ্ত নিউজ
ক্রিকেট

প্রথমবার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন

আল আমিন
আল আমিন
প্রথমবার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজ, এমসিজিতে বিশেষ আয়োজন
মুস্তাফিজুর রহমান

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে মেলবোর্ন রেনেগেডস।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দাপুটে বিচরণ মুস্তাফিজুর রহমানের। যদিও এখনো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলা হয়নি। এবার প্রথমবারের মতো টুর্নামেন্টটিতে খেলতে যাচ্ছেন ফিজ।

৩১ বছর বয়সী মুস্তাফিজ এখন পর্যন্ত ৩৩১টি ম্যাচ খেলে শিকার করেছেন ৪২৩টি উইকেট। তবে এর আগে কখনোই বিগ ব্যাশে খেলার সুযোগ হয়নি তার। রেনেগেডসের নিয়মিত পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের ইনজুরির কারণে পুরো আসর থেকেই ছিটকে যাওয়ায় তার জায়গায় মুস্তাফিজকে দলে ভেড়ায় মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজিটি।

ক্লাবের এক অফিসিয়াল বিবৃতিতে নিজের রোমাঞ্চের কথা জানিয়ে মুস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে আমি ভীষণ উদ্গ্রীব। এমসিজির মতো আইকনিক ভেন্যুকে হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা দারুণ এক অনুভূতি হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে আমি প্রস্তুত।’

রেনেগেডসের নতুন কোচ লুক রঞ্চি জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো তারকাময় স্কোয়াডে মুস্তাফিজের মতো পরীক্ষিত পারফর্মারকে যুক্ত করতে পেরে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘মুস্তাফিজ বিশ্বজুড়ে টি–টোয়েন্টি ক্রিকেটে একজন প্রমাণিত ম্যাচ উইনার। পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে সমানভাবে উইকেট শিকারের তার যে সহজাত ক্ষমতা, আমাদের বোলিং আক্রমণে ঠিক এই জিনিসটিরই ঘাটতি ছিল।’

এদিকে, মুস্তাফিজের আগমনকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, অর্থাৎ এমসিজিতে, বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।

লাল–সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারি মাতানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে রেনেগেডস। সেই সাথে থাকছে টিকিটেও বিশেষ ছাড়। ওই ম্যাচে ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কেনার ক্ষেত্রে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।