
৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে

কক্সবাজারের মহেশখালীতে অবিস্থত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল থেকে ৭ নভেম্বর বিকেল পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ফলে এই সময়ে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
রবিবার (১ নভেমম্বর) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ সময়ে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে ৩২০ মিলিয়ন ঘনফুট কমে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও অনুরূপ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছিল। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।








