
মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

মুক্তির আগেই আলোচনায় শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহের পাশাপাশি এবার আলোচনায় এসেছে এর ব্যবসায়িক দিক। মুক্তির আগেই বিদেশের প্রেক্ষাগৃহে প্রদর্শনের স্বত্ব বিক্রি করে রেকর্ড ১৭৫ কোটি রুপি পেয়েছে সিনেমাটি।
বলিউড বাদশাহ শাহরুখ খান যে এখনো দর্শকদের কাছে সমান জনপ্রিয়, তা বারবার প্রমাণ করেছেন তিনি। ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর কয়েক বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন এই অভিনেতা।
এরপর ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন করেন। একই বছর ‘জওয়ান’ সিনেমা দিয়েও বক্স অফিসে ঝড় তোলেন কিং খান। দুটি সিনেমার সাফল্যে আবারও নিজের জনপ্রিয়তা ও তারকাখ্যাতির প্রমাণ দেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব এককভাবে ১০০ কোটি রুপির সীমাও ছাড়ায়নি।
প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে সিনেমাটির পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। শাহরুখের সাম্প্রতিক বড় বাজেটের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’–এর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস।
তবে ‘কিং’–এর ক্ষেত্রে পরিবেশনার দায়িত্বে এসেছে নতুন প্রতিষ্ঠান। সিনেমাটির বিদেশি স্বত্বের জন্য ন্যূনতম ১৭৫ কোটি রুপি দিতে রাজি হয়েছে ফার্স ফিল্মস। এতে আন্তর্জাতিক বাজারে সিনেমাটি ঘিরে পরিবেশক প্রতিষ্ঠানের প্রত্যাশার বিষয়টিও স্পষ্ট হয়েছে।
তবে মুক্তির আগেই বড় অংকের চুক্তি হলেও ‘কিং’সিনেমার সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বক্স অফিসে ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে হবে সিনেমাটিকে। তাহলেই শাহরুখের আগের দুটি সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’র আন্তর্জাতিক বাজারের সাফল্য ছাড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে।
উল্লেখ্য, ‘পাঠান’ ও ‘জওয়ান’ দুটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল। ফলে এবার শাহরুখের লড়াইটা অনেকটাই নিজের তৈরি করা রেকর্ডের সঙ্গে। তবে মুক্তির আগেই বিদেশি স্বত্ব বিক্রিতে এমন সাফল্য সিনেমাটি নিয়ে দর্শক ও পরিবেশকদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা।
‘পাঠান’–এর পর আবারও সিদ্ধার্থের পরিচালনায় অভিনয় করছেন শাহরুখ। তবে সিনেমাটির অন্যতম আকর্ষণ, প্রথমবারের মতো বড় পর্দায় বাবা–মেয়ে শাহরুখ ও সুহানা খানকে একসঙ্গে দেখা যাবে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।








