দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪১৯
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৬৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৯ জনে। তাদের মধ্যে ১৭৪ জন মারা গেছেন অক্টোবরে, যা এক মাসের মধ্যে সর্বোচ্চ।

নতুন করে মারা যাওয়া ব্যক্তির মৃত্যু খুলনা বিভাগে হয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান। সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের।

এদিকে, নতুন করে ঢাকা মহানগরে ৩৮৫ এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২১৯ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৮১, খুলনা বিভাগে ২২৮, রাজশাহী বিভাগে ১৪৯, বরিশাল বিভাগে ২৩৪, ময়মনসিংহ বিভাগে ৭০ ও রংপুর বিভাগে ৬৭ জন রোগী ভর্তি করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৫ হাজার এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন।