
তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ

বাংলাদেশ বিমান বাহিনী সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি‘র মৃত্যুর ঘটনায় ‘জুনিয়র বন্ধু’ শাহরিয়ার রেজা দীপ‘কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে তাঁকে পিবিআই (ঢাকা মেট্রো উত্তর) কার্যালয়ে নেয়া হয়।
পিবিআইয় মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার মো. আবু ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘যেহেতু দ্বীপ ও তাহসিফ অনেকটা সময় একসঙ্গে পার করেছেন, সে কারণেই কিছু তথ্য সংগ্রহে তাকে হেফাজতে নেয়া হয়।’
নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরি‘কে এক ব্যক্তির সঙ্গে দেখা যায়। তিনি তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপ বলে পরিবার সদস্যরা শনাক্ত করেন।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম জানান, ২৭ অক্টোবর সারাদিন মায়ের সঙ্গে কেনাকাটা করেন তাহসিফ। বাবার জন্যও কিছু জিনিস কিনেছিলেন। ওইদিন সন্ধ্যায় তাহসিফের এক জুনিয়র বন্ধু বাসার নিচে এসে তাকে ডাকেন। তাহসিফ ওর মাকে বলেছিল, কথা বলেই চলে আসবে।
এদিকে, তাহসিফ সাউরি‘র বাসার সিসিটিভি ফুটেজ অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দ্বীপ একটি মোটরসাইকেল নিয়ে তাহসিফ সাউরির বাসার নিচে গ্যারেজে আসেন। সেখানে প্রথমে তিনি মোটরসাইকেলে তার হেলমেটটি রাখেন। এরপর পাশেই নিজের পোশাক দিয়ে চোখ–মুখ মুছতে দেখা যায় তাকে।
কিছুক্ষণের মধ্যেই বাসা থেকে নেমে গ্যারেজে চলে আসেন তাহসিফ। এরপর দ্বীপের সঙ্গে হাত মেলান। সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে দুজনকে দুটি মোটরসাইকেলে করে বাইরে চলে যেতে দেখা যায়।
উল্লেখ্য, বুধবার (২৮ অক্টোবর) বিকালে টঙ্গীর রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাহসিফ সাউরি‘র মরদেহ উদ্ধার করে নৌ–পুলিশ।
এসএ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।