দীপ্ত নিউজ
জাতীয়

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন শান্তিপূর্ণ হয়েছে : ইসি সচিব

ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সব কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে ভোটার অপেক্ষমাণ ছিলেন না বলেও তাঁকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব কথা বলেন সচিব।

তিনি বলেন, সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ টানা বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক ভোটগ্রহণ প্রক্রিয়া চলাকালে কোথায়ও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভোটের হার সম্পর্কে তিনি বলেন, ‘আমরা দুপুর ২টা পর্যন্ত যে ডেটা পেয়েছি, যে স্ট্যাটিস্টিকসটা পেয়েছি, সে অনুযায়ী আমাদের পারসেন্টেজ ছিল ৪৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। স্বাভাবিকভাবে আমরা দুপুর ২টার কথা বলছি, বিকেল ৪টা পর্যন্ত সংখ্যা পরিমাণটা আরও বাড়বে। এখন এটা আরেকটু পরে বলতে পারব, গণনা শেষে বলতে পারব যে প্রকৃতপক্ষে কত পারসেন্ট ভোট কাস্ট হয়েছে।’

নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তার পরিচয়পত্রে ছবি না থাকার বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, এ ধরনের একটি বিষয় সম্পর্কে তাঁরা জানতে পেরেছিলেন। তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে সেখানে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে বলা হয়।

ইসি সচিব বলেন, ‘তিনি নিশ্চিত করেছেন এবং সেখানে যে প্রার্থীর এজেন্ট ছিলেন, তাঁদের সন্তুষ্ট করা হয়েছে যে যে ব্যক্তি ওখানে ভোট গ্রহণ করছেন, তিনি সঠিক এবং যথার্থই এবং তাঁর কাছে যে ডেটা, সেটার সঙ্গে উনি মিলিয়ে পরিচয় নিশ্চিত করেছেন। কাজেই ছবি না থাকাটা একটা যে জিনিসটা, সেটা পরবর্তীতে এই বিষয়টা নিষ্পত্তি করা হয়েছে।’

এদিকে নির্বাচন চলাকালে ভুয়া ভোটার হিসেবে তিনজনকে আটকের ঘটনার বিষয়ে উত্থাপিত প্রশ্নের জবাবে সচিব বলেন, ভুয়া ভোটার সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে তা সত্য, তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো রাজনৈতিক পরিচয় বা সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি আইন প্রয়োগকারী সংস্থা খতিয়ে দেখছে।

বর্তমানে কেন্দ্রগুলোতে স্বচ্ছতার সঙ্গে ভোট গণনা কার্যক্রম চলছে জানিয়ে নির্বাচন কমিশন সচিব বলেন, সব কেন্দ্রের গণনা শেষ হলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।