দীপ্ত নিউজ
রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

ভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
ভোটগ্রহণ চলছে, বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত
ছবি: সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয়েছে ঠাকুরগাঁও–১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপ–নির্বাচন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ৩টি উপজেলায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছ। বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

ঠাকুরগাঁও–১ উপনির্বাচনে রাষ্ট্রপতি‘র ছোটভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও–১ আসনের তিন উপজেলায় মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। এর মধ্যে ২ লাখ ৫৭ হাজার ২১৯ পুরুষ, ২ লাখ ৫৮ হাজার ৬৩০ নারী এবং ৪ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে।

এ ছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে ২৪৯ জন পুরুষ ও ৩৮ জন নারী।

উল্লেখ্য, গত ২০ আগস্ট ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে ২৫৫ ভোটে পরাজিত করে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও–১ আসনটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে আসনটিতে উপনির্বাচনের আয়োজন করা হয়েছে।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়ী হন। তিনি পেয়েছিলেন ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট।

 

এসএ 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।