দীপ্ত নিউজ
খেলা

গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড

সুমাইয়া আক্তার
সুমাইয়া আক্তার
গাজার শিশুদের চিকিৎসায় হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
হামজা চৌধুরী।

ফুটবল মাঠে লড়াইয়ের পাশাপাশি মানবিক কাজেও নিজ অবস্থান তুলে ধরছেন হামজা চৌধুরী। 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা‘র শিশুদের সহায়তায় আয়োজিত এক দাতব্য ইভেন্ট থেকে ১ লাখ পাউন্ডের (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা) বেশি তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই তারকা মিডফিল্ডার।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে দেয়া এক আবেগঘন বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন হামজা নিজেই।

নুজুম স্পোর্টসের সহযোগিতায় আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে সংগৃহীত পুরো অর্থ গাজার শিশুদের চিকিৎসার্থে ব্যয় করা হবে।

হামজা জানান, এই অর্থ ‘চিলড্রেন নট নাম্বারস’ নামক সংস্থার মাধ্যমে গাজার মাঠে সরাসরি শিশুদের জরুরি সহায়তায় ব্যয় করা হবে। বর্তমান পরিস্থিতিতে যুদ্ধবিধ্বস্ত এসব শিশুর বড় একটি অংশের বেঁচে থাকার একমাত্র আশা হলো জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে বা নিরাপদ স্থানে স্থানান্তর (মেডিকেল ইভাকুয়েশন)। সংগৃহীত তহবিলের প্রতিটি পাউন্ড এই সংকটাপন্ন শিশুদের চিকিৎসার্থে স্থানান্তরে ব্যবহার করা হবে।

ফিলিস্তিনের লাখ লাখ মানুষের অসীম দুঃখ–দুর্দশার তুলনায় এই সহায়তা অত্যন্ত সামান্য। তবে ছোট উদ্যোগ থেকেও বড় পরিবর্তনের সূচনা হতে পারে— সে বিষয়ে আশাবাদী ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেড অধিনায়ক।

ফান্ডরাইজিং ইভেন্টটি সফল করতে যারা উপস্থিত ছিলেন, অনুদান দিয়েছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হামজা চৌধুরী।

হামজা বর্তমানে লিগ খেলতে ব্যস্ত থাকলেও জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। টুর্নামেন্ট সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল নিয়ে কোচ থমাস ডুলির অনুশীলন ক্যাম্প চলছে।

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার প্রথম দিন রাতে ভুটানের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের প্রতিনিধিরা।

যদিও ওই ম্যাচে হামজা এবং ইংল্যান্ডে লিগ খেলা বাংলাদেশের আরেক ফুটবলার ফারহান আলী ওয়াহিদকে পাবেন না ডুলি। ৯ নভেম্বর ফিফা উইন্ডো শুরুর হলেই ঢাকায় আসতে পারবেন এই দুই ফুটবলার।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।