শিরোনাম
দীপ্ত নিউজ
জাতীয়

শেখ হাসিনা ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেখ হাসিনা ফিরলে মব নয়, ন্যায়বিচারের মুখোমুখি হবেন: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতি নয়, বরং ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, তিনি দেশে ফিরতে চাইলে সরকার বাধা দেবে না। তবে দেশে ফেরার পর তাকে আইনি প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা যাকে চাই, তিনি যদি নিজেই আসেন, তাহলে তো ভালো। তাকে আর ধরে–বেঁধে আনতে হবে না। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি আসলে বিচারের মুখোমুখি হবেন।’

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। ফলে অনুমানের ভিত্তিতে আলোচনা না করাই ভালো।

তিনি আরও বলেন, শেখ হাসিনা ডিসেম্বরের কথা বলছেন। পরে হয়তো জুনের কথা বলবেন। এভাবে ছয় মাস পরপর একই আলোচনা চলতে পারে। তাই নির্দিষ্ট কোনো ঘোষণা বা বাস্তব অগ্রগতি ছাড়া বিষয়টি নিয়ে কথা বলা অর্থহীন।

সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে আইনি প্রক্রিয়া অনুযায়ী তার বিচার হবে। তার বিরুদ্ধে কোনো মব বা বেআইনি আচরণ করা হবে না। তিনি ন্যায়বিচারের মুখোমুখি হবেন।

সরকার ন্যায়বিচারের মাধ্যমে শেখ হাসিনার অন্যায়ের জবাব দিতে চায় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।