
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে

যুক্তরাষ্ট্রের বি১/বি২ (B1/B2) ভিজিটর ভিসায় দেশটিতে গিয়ে কোন কোন কাজ করা যায়, তা মনে করিয়ে দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। পর্যটন, কেনাকাটা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়িক বৈঠক ও সম্মেলনে অংশ নেওয়ার মতো কাজের অনুমতি রয়েছে এ ভিসায়।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে পর্যটন, অবকাশযাপন বা ছুটি কাটানো, কেনাকাটা এবং বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার সুযোগ রয়েছে।
এ ছাড়া ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক করা এবং বিভিন্ন সভা ও সম্মেলনে অংশ নেওয়ার অনুমতিও রয়েছে এ ভিসায়।
ভিজিটর ভিসার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। দূতাবাসের বার্তায় ভিসার আওতায় অনুমোদিত কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, বি১/বি২ ভিজিটর ভিসা মূলত সাময়িক ভ্রমণের জন্য। এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি করা বা অনুমোদনহীন কোনো কাজে যুক্ত হওয়ার সুযোগ নেই।







