দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
সৌদি আরবের ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের ৪টি অঞ্চলে তীব্র বজ্রপাত, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।

রবিবার (১৮ অক্টোবর) সৌদি আবহাওয়া কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

এনসিএম পূর্বাভাস অনুযায়ী, জিজান, আসির, আল–বাহা ও মক্কা অঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে শিলাবৃষ্টি ও প্রবল দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কারণে কোথাও কোথাও ধূলিঝড় ও বালুঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, ভারী বৃষ্টিপাতের ফলে সংশ্লিষ্ট অঞ্চলগুলোর বিভিন্ন স্থানে আকস্মিক বন্যার ঝুঁকি বেড়েছে। এ ছাড়া জিজান, আসির, আল–বাহা ও মক্কার কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকায় কুয়াশা পড়তে পারে।

এদিকে, সৌদি আরবের বেশ কয়েকটি শহরে তাপমাত্রা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। মক্কায় ৩৯ ডিগ্রি এবং রিয়াদ ও বুরাইদাহতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

এছাড়া মদিনায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং জেদ্দা ও জাজানে ৩৬ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। এ ছাড়া হেইলে ৩৩ ডিগ্রি, আরার, সাকাকা ও নাজরানে ৩২ ডিগ্রি এবং তাবুকে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

আর দক্ষিণ–পশ্চিমের পার্বত্য অঞ্চলে আবহাওয়া কিছুটা শীতল থাকবে; যেখানে আভাতে ২৫ ডিগ্রি এবং আল–বাহাতে ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।

সূত্র: গালফ নিউজ

 

এসএ