শিরোনাম
দীপ্ত নিউজ
বিনোদন

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

ভারতের মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালনোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় জুহুর পুষ্পা পার্ক এলাকায় একটি ফুটবল ভেন্যু থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে থাকা তিন অজ্ঞাত দুষ্কৃতকারী এই গুলিবর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় অভিনেতা টাইগার শ্রফ অক্ষত থাকলেও আহত হয়েছেন তার গাড়ির চালকসহ দুজন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জুহুতে ফুটবল খেলা শেষে ভেন্যু থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফকে একনজর দেখতে সেখানে ভক্তদের ব্যাপক ভিড় জমেছিল। ঠিক সেই মুহূর্তে বাইকে আসা তিন ব্যক্তি অতর্কিত গুলি চালিয়ে পালিয়ে যায়।

ঘটনার পরপরই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চ। পুরো এলাকা ঘিরে রেখে জোরেশোরে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুলির শব্দ শোনা যাচ্ছে—এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো কারণ জানাতে পারেনি পুলিশ।

এদিকে এ ঘটনার দায় স্বীকার করে নিয়েছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। তারা এক বিবৃতিতে জানায়, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই টাইগার তাদের নিশানায় ছিলেন। তবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি ভারতীয় সংবাদমাধ্যম।

সালমান খানের সঙ্গে টাইগার শ্রফের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে একসঙ্গে অভিনয়ের নজির নেই। তবে বলিউডে টাইগারের অভিষেকের পেছনে সালমানের ভূমিকা ছিল বলে জানা যায়।