দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু!

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু!
নুডলস।

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের গ্রেটার নয়ডা শহরের একটি গ্রাম থেকে একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশুও রয়েছে।

মৃতরা হলেন—৩৭ বছর বয়সি মহেশ, তার স্ত্রী ললিতা (৩৫) এবং তাদের ৩ সন্তান। সন্তানদের মধ্যে দুই ছেলের বয়স ১১ ও ৩ বছর এবং মেয়ের বয়স ৭ বছর।

এক প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস বলছে, শুক্রবার (১৬ অক্টোবর) রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা ঘুমাতে যান। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে সন্দেহ করছে পুলিশ। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (১৭ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

নয়ডা পুলিশ এক বিবৃতিতে জানায়, স্থানীয় বাসিন্দা ও মৃত দম্পতির মায়ের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে পরিবারটি নুডলস খেয়েছিল। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।

গ্রেটার নয়ডা‘র সহকারী পুলিশ কমিশনার রাজীব কুমার সিসোদিয়া জানান, শুক্রবার রাতে খাবার খাওয়ার পর পরিবারের সদস্যরা বিশ্রাম নিতে বিছানায় শুয়েছিলেন। ধারণা করা হচ্ছে তারা ঘুমিয়েই মারা গেছেন। শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের লাশ ওই অবস্থায় দেখতে পায়।

তিনি বলেন, ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারটি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন, জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা, ফরেনসিক দল এবং খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ জানায়, ফরেনসিক বিশেষজ্ঞরা আলামত সংগ্রহ করেছেন এবং মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

 

এসএ