দীপ্ত নিউজ
ধর্ম

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী
ছবি: সংগৃহীত

 

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে। এদিন আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা।

শুক্রবার(১৬ অক্টোবর) ‘মহাষষ্ঠী’তে দেবী দুর্গার আনুষ্ঠানিক জাগরণ বা ‘বোধন’ অনুষ্ঠিত হবে।

আজ পূর্বাহ্ণ (সকাল) ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা হবে। সায়ংকালে (সন্ধ্যায়) দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

এবার দেবী দুর্গা আসছেন ঘোটকে (ঘোড়ায়)। বিদায় নেবেন নৌকায়। হিন্দু শাস্ত্রমতে, শ্বশুরবাড়ি কৈলাস থেকে কন্যারূপে দেবী বাপের বাড়ি বেড়াতে মর্ত্যলোকে আজ আসছেন।

অসুর শক্তির কাছে পরাভূত দেবতারা স্বর্গলোকচ্যুত হয়েছিলেন। এই অশুভ শক্তিকে বিনাশ করতে একত্র হন দেবতারা। অসুর শক্তির বিনাশে অনুভূত হলো এক মহাশক্তির আবির্ভাব। দেবতাদের তেজরশ্মি থেকে আবির্ভূত হলেন অসুরবিনাশী দেবী দুর্গা।

দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলা অঙ্গনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি নেতারা।

এ সময় সংগঠন দুটি জানিয়েছে, এবার দেশে ৩৩ হাজার ৮৫১টি আর ঢাকা মহানগরে ২৫৮টি পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আগামী বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। বাংলা পঞ্জিকা অনুযায়ী শনি ও রবিবার (১৭ ও ১৮ অক্টোবর) এই দুই দিন ‘মহা সপ্তমী’ তিথি থাকায় পরদিন থেকেই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

মহাসপ্তমীতে ‘নবপত্রিকা’র আনুষ্ঠানিকতা পালন করা হবে। এতে দেবীর বিভিন্ন রূপের প্রতীক হিসেবে নয়টি উদ্ভিদকে স্নান করিয়ে পূজা করা হয়। সোমবার (১৯ অক্টোবর) উদযাপিত হবে ‘মহাঅষ্টমী’। যার বিশেষ আকর্ষণ হলো ‘সন্ধিপূজা’, যা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) ‘মহানবমী’তে পূজার শেষ ধাপের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং দেবীকে ‘ভোগ’ নিবেদন করা হবে। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী ও দেবী বিসর্জন। ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন এবং প্রতিমা বিসর্জনের জন্য শোভাযাত্রা সহকারে নির্ধারিত নদী, পুকুর বা জলাশয়ে নিয়ে যাবেন।

প্রতি বছর শরৎকালে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গোৎসব পালন করে আসছেন। সারাদেশে এখন বইছে উৎসবের আমেজ। ঢাক–ঢোল কাঁসা ও শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্ডপ।

 

এসএ