
৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, প্রথম ধাপ ২১ জানুয়ারি

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, ৫ ধাপে হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সোমবার (১২ অক্টোবর) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
সানাউল্লাহ জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপ ২১ জানুযারি, দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপ ২৯ এপ্রিল, চতুর্থ ধাপ ১৩ মে এবং পঞ্চম ধাপ ২৭ মে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার হবে সব নির্বাচন।
স্থানীয় সরকার মন্ত্রণলায়ের সঙ্গে কোনো আলাপ ছাড়াই গত ১৪ সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের প্রাথমিক তারিখ ঘোষণা করলে সরকারের তোপের মুখে পড়ে নির্বাচন কমিশন।
সরকারের চাপ সামাল দিতে না পেরে দুই দিনের মাথায় আন্তঃমন্ত্রণালয় সভার বৈঠকে নিজেদের সিদ্ধান্ত থেকে পিছু হটে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।
ঠিক এক মাস পর সোমবার আবারো ইউনিয়ন পরিষদের ভোটের সময়সূচী ঠিক করতে কমিশন সভার আয়োজন করে। সকাল সাড়ে দশটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে বৈঠক শুরু হয়। চলে দুপুর একটা পর্যন্ত।
পরে সংবাদ সম্মেলন করে সানাউল্লাহ আরও জানান, ভোটের ছয় সপ্তাহ আগে হবে নির্বাচনের তফসিল। জেলা ধরে ভোট শেষ করতে চায় ইসি। এতে সদর উপজেলাকে অগ্রাধিকার দেয়া হবে।
বাংলাদেশ আর কোন সংঘাতময় নির্বাচনের জন্য প্রস্তুত নয় উল্লেখ করে কমিশনার বলেন, সংঘাতপূর্ণ হবে না ইউনিয়ন পরিষদের ভোট। সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
সভায় জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫’-এর খসড়া অনুমোদন হয়।





