সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ৩টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ।
রবিবার (১১ অক্টোবর) সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নোটিস টু এয়ার মিশনস (নোটাম) থেকে এ তথ্য জানা গেছে।
নোটাম হলো পাইলট ও সংশ্লিষ্ট কর্মীদের জন্য জারি করা আনুষ্ঠানিক সতর্কবার্তা।
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, গতকাল বিমানবন্দরের ১৫৫টি আগমনী ও ১৬১টি বহির্গামী ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ২২২টি ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণে দেরি হয়েছে।
ফ্লাইটরাডার২৪–এর তথ্য অনুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। একপর্যায়ে বিমানবন্দরের ওপর দিয়ে শুধু একটি হেলিকপ্টারকে চক্কর দিতে দেখা যায়।
এর আগে, শনিবার (১০ অক্টোবর) রাতে বিমানবন্দরটিতে হামলার ঘটনা ঘটে।
সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩০৯ জন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক।
সংস্থাটি এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিশর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।
সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিভিন্ন ফ্লাইট বাতিল ও অন্য গন্তব্যে সরিয়ে নেওয়া হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও রিয়াদগামী কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসও ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে।
এসএ