বাল্যবিয়ে বন্ধ, কন্যাশিশুর অধিকার সুরক্ষা এবং শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে আজ ১১ অক্টোবর পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। এ বছরের প্রতিপাদ্য ‘বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।
বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে বিভিন্ন দেশে সভা, সেমিনার ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে উৎসাহিত করাও দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে বাল্যবিয়ে, নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১১ সালের ১৯ ডিসেম্বর এক প্রস্তাবের মাধ্যমে ১১ অক্টোবরকে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস হিসেবে ঘোষণা করে। ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়।
দিবসটি কন্যাশিশুদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরে।