গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী ৩ মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়া স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) মহাখালী বাস টার্মিনালে ট্রাফিক ব্যবস্থাপনার ‘উন্নয়ন কার্যক্রম’ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেছেন।
ডিএমপি কমিশনার বলেন, ‛ঝিলমিল প্রকল্পে সরকার ইতোমধ্যে আমাদেরকে ১০ একর জমি ব্যবহারের অনুমতি দিয়েছে। আমরা ডিপোর কাজ শুরু করেছি। কাজ শেষ হলেই দুই টার্মিনাল সেখানে স্থানান্তর করা হবে।’
তিনি বলেন, স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণের জন্য আরও ৭৫ একর জমি পাওয়া যাবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে এই জমি দেওয়া হবে।
কমিশনার বলেন, এটি একটি মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব হবে। পর্যায়ক্রমে দক্ষিণাঞ্চলের ১৯ জেলার বাস‘সহ সব পরিবহন ধীরে ধীরে সেখানে নেয়া হবে। বাদামতলী পাইকারি বাজারের ট্রাকগুলোও এই প্রস্তাবিত হাবে সরিয়ে নেয়া হবে।
মোসলেহ উদ্দিন বলেন, ‘আমরা সর্বোচ্চ ৩ মাস সময় নির্ধারণ করেছি। আশা করছি, তিন মাসের মধ্যে কাজ শেষ হবে। এরপরই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস সেখানে সরিয়ে নেওয়া হবে।’
মহাখালী বাস টার্মিনাল প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এই টার্মিনাল একটি সুশৃঙ্খল ব্যবস্থার অধীনে চলবে। নিয়ম ভাঙার সামান্যতম চেষ্টাও কাউকে করতে দেওয়া হবে না।
পরিদর্শনকালে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও গোলাম মোহাম্মদ সিরাজ।
এসএ