দীপ্ত নিউজ
বাংলাদেশ

২৩ সেপ্টেম্বর ছুটি, তবে পাবেন না সবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ছুটি, তবে পাবেন না সবাই
ছবি: সংগৃহীত

সারাদেশে বুধবার (২৩ সেপ্টেম্বর) পালিত হবে পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহম। এ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে সরকারি–বেসরকারি সব প্রতিষ্ঠানের জন্য দিনটি সাধারণ ছুটি নয়।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি ও ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা–ই–ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি নির্ধারিত রয়েছে। ফলে সরকারি–বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এদিন ছুটি পাবেন।

তবে সরকারি, আধা–সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারীদের জন্য ২৩ সেপ্টেম্বর সাধারণ ছুটি নয়। তাদের জন্য দিনটি নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। একইভাবে বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম চলবে।

অবশ্য কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে কেউ চাইলে দিনটিকে ঐচ্ছিক ছুটি হিসেবে নিতে পারবেন।

‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ‘ফাতেহা’ অর্থ দোয়া করা। ইসলামের অন্যতম প্রচারক ও আল্লাহর ওলি বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.) এর ওফাত দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া ও ধর্মীয় আয়োজনকে ফাতেহা–ই–ইয়াজদাহম বলা হয়।

ইসলামের ইতিহাস অনুযায়ী, হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি হজরত আবদুল কাদের জিলানী (র.) ইন্তেকাল করেন। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা দিনটি ফাতেহা–ই–ইয়াজদাহম হিসেবে পালন করে আসছেন।

সরকারি ক্যালেন্ডারে পবিত্র ফাতেহা–ই–ইয়াজদাহম মুসলিম পর্বের একটি ঐচ্ছিক ছুটি। তবে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষাপঞ্জিতে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি হিসেবে নির্ধারিত হওয়ায় এদিন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

ছুটি পাবেন: সরকারি–বেসরকারি স্কুলের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মচারী, কলেজের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মচারী, মাদ্রাসার শিক্ষক–শিক্ষার্থী ও কর্মচারী, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী ও কর্মচারী।

ছুটি পাবেন না: সরকারি, আধা–সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা–কর্মচারী, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের কর্মী, করপোরেট ও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী।

 

এসএ