সাবেক বিএনপি নেতা, বিচারপতিসহ ৬৫০ জন যোগ দিলেন জামায়াতে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিএনপির বহিষ্কৃত নেতা ইয়াকুব সরকারসহ সাবেক ও বর্তমান নেতা, সাবেক বিচারপতি, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬৫০ জন যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীতে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের হাত থেকে ফুল নিয়ে তাঁরা দলটিতে যোগ দেন।

বংশাল থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াকুব সরকার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের ভাই। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হওয়া ইসহাক সরকার গত মার্চে যোগ দেন এনসিপিতে। নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতা করে ভাইয়ের পক্ষে কাজ করায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলেন ইয়াকুব সরকারও। সাত মাসের মাথায় তিনি জামায়াতে যোগ দিয়ে বলেন, বিএনপি থেকে বহিষ্কার হওয়ায় নয়, আদর্শিক কারণে দল বদল করেছেন। ৩৬ বছর বিএনপির রাজনীতি করে যে আদর্শের দেখা পাননি, তা কারাগারে সহবন্দি জামায়াত নেতাকর্মীদের মধ্যে দেখেছেন। সে কারণেই জামায়াতে যোগ দিয়েছেন।

মঙ্গলবারের দাওয়াতি সমাবেশে জামায়াতে আরও যোগ দিয়েছেন সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. এএসএম খালেকুজ্জামান, কর্নেল (অব.) ফারুক হোসাইন, সাবেক এসপি ওবায়দুল হক, সাবেক ফুটবলার ও জাতিসংঘের সাবেক কর্মকর্তা সেলিম আহমেদ, যুবদল নেতা মুশফিকুর রহমান বাবু, ওয়ার্ড বিএনপি নেতা হাজী আলতাব হোসেন, ৩২নং ওয়ার্ড বিশিষ্ট সমাজ সেবক মোছলেহ উদ্দিন আহমেদ, মহানগর দক্ষিণের ৩৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাবেদ ওমর প্রমুখ।

কওমি ঘরনার আলেমরা জামায়াতের রাজনীতি বিরোধী হিসেবে পরিচিত। তবে দলটিতে যোগ দিয়েছেন কয়েকজন কওমি আলেম। তাঁদের মধ্যে রয়েছেননূরানী শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা এনামুল হক আজাদী, মাওলানা আব্দুর রহমান আল হাবিবী প্রমুখ।

জামায়াতে যোগ দেওয়ায় সমালোচনা, আক্রমণের শিকার হতে হবেএই বিষয়ে সতর্ক করে যোগদানকারীদের শফিকুর রহমান বলেন, ‘জানা মতে সমাজের অকল্যাণ চিন্তা করি না। অন্ততপক্ষে কিছুটা হলেও মানুষের উপকার করতে পারি কিনা সেই চেষ্টাটা করি। আমাকে নিয়ে কী করা হয়, দেখেন না? আমি এতে আত্মতৃপ্তি পাই।’

সমালোচনাকারীদের জন্য দোয়ার পরামর্শ দিয়ে জামায়াত আমির বলেছেন, বন্ধু, এমন ভাষায় কথা বলবে না, যা অন্য কেউ তোমাকে নিয়ে বললে কলিজায় আঘাত লাগে। চলার পথে বাধা আসবে, সমালোচনা আসবে, গালিগালাজ আসবে। জীবন দেওয়ারও প্রয়োজন হবে। এগুলো আল্লাহর দান। এই আমানত আল্লাহকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুত।

দেওবন্দি আলেমদের স্বাগত জানিয়ে শফিকুর রহমান বলেন, কওমিকে আলাদা করে দেখি না। তাদের দ্বীনি খেদমতকে ছোট মনে করি না।

মহানগর দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ এমপির পরিচালনায় সমাবেশে ঢাকা৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা৫ আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেনসহ মহানগর নেতারা বক্তৃতা করেন। সূত্র: সমকাল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More