রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনালের র্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি–উদ–দৌলা চৌধুরী।
জানা গেছে, রাত ১০টা ২০ এর দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে নিয়মিত ডিউটি পালনকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের ২য় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এবং ৪ সদস্য আহত হন।
নিহত ৩ জন হলেন— সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান ও এলএসি জোবায়দুল।
আর দুর্ঘটনায় আহত ৪ সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে। তারা হলেন– কর্পোরাল সিফাত/আবু সাঈদ, কর্পোরাল মাহবুব, এলএসি আহাদ এবং সিনিয়র অফিসার আবুল খায়ের।
এসএ