সৌদি আরবের পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার হাফেজ মো. নূর উদ্দিন জাকারিয়া। বুধবার (১৯ আগস্ট) প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
বিশ্বের ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম হন জাকারিয়া। তার এই সাফল্যের খবর বৃহস্পতিবার বাউফলের ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের বাড়িতে পৌঁছালে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় লোকজনও তাঁর বাড়িতে ভিড় করেন।
নূর উদ্দিন জাকারিয়া চাঁদকাঠী গ্রামের মাওলানা নুরুল আমিন ও ইয়ানুর বেগম দম্পতির ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। মাত্র ছয় বছর বয়সে মামা হাফেজ কারী মোহাম্মদ রহমত উল্লাহর সঙ্গে ঢাকায় যান জাকারিয়া। সেখানে একটি মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে পবিত্র কোরআনের হাফেজ হন তিনি।
পরে আলিয়া ডিগ্রি অর্জনের জন্য ঢাকার ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি হন জাকারিয়া। সেখানে পড়াশোনার পাশাপাশি তিনি সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নেন।
বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জনের খবরে তার নিজ গ্রামসহ পুরো বাউফলে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
হাফেজ নূর উদ্দিন জাকারিয়াকে অভিনন্দন জানিয়েছেন পটুয়াখালী–২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বমঞ্চে বাউফলের গর্ব হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। ১৩৩টি দেশের শত শত প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করায় তিনি জাকারিয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।