দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ছিলেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী ও দলটির সদ্য সাবেক মহাসচিব। ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। প্রতিদ্বন্দী অলি আহমেদ পেয়েছেন ৮৮ ভোট।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সভাকক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের লক্ষ্যে ভোট গ্রহণ চলে।
তবে, বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, জামায়াত থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ ও খেলাফত মজলিসের মুফতি আবুল হাসানকে ভোট দিতে দেখা যায়নি।
বিএনপি সূত্র জানিয়েছে, অসুস্থজনিত কারণে ভোট দিতে আসেননি ঢাকা–৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস ও চট্টগ্রাম–৩ আসনের সংসদ সদস্য মোস্তফা কামাল পাশা।
আর নৈতিক স্খলনজনিত কারণে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। এরপর আর প্রকাশ্যে দেখা যায়নি এ সংসদ সদস্যকে। তিনি আজ ভোট দিতে আসেননি।
অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচন বর্জন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলীয় সিদ্ধান্তের কারণে ভোট দেননি দলটির সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। আর সিলেট–৫ আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান বর্তমানে বিদেশে অবস্থান করছেন বলে জানিয়েছে সংসদের একটি সূত্র। অপর সংসদ সদস্য রুমিন ফারহানার ভোট না দেওয়ার বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে ভোটগ্রহণ শুরু হলে প্রথমে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। তারপর ভোট দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।