দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী অবস্থান করায় সৃষ্টি হবে পূর্ণ সূর্যগ্রহণ। সর্বশেষ এমন ঘটনা ঘটে ২০২৪ সালের এপ্রিল মাসে।
বিরল এই ঘটনার দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ মুখিয়ে থাকলেও সব দেশ থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না। এবারের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে।
স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া ও পর্তুগালসহ উত্তর–পশ্চিম আফ্রিকার কিছু এলাকাতেও গ্রহণটি দৃশ্যমান হবে। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখার সুযোগ তৈরি হয়েছে। বিরল এই মহাজাগতিক দৃশ্য দেখতে ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে দর্শনার্থীরা নির্দিষ্ট এলাকাগুলোতে জড়ো হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণ শুরু হওয়ার কথা। পূর্ণগ্রাস পর্যায়ের স্থায়িত্ব হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড।