২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ইংরেজি ও গণিত বিষয়ে তুলনামূলক বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিপরীতে আইসিটি বিষয়ে চমকপ্রদ ফল করেছে শিক্ষার্থীরা। অধিকাংশ বোর্ডে আইসিটিতে পাসের হার ৯৮ ও ৯৯ শতাংশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় এসএসসি ও সমমান ফল প্রকাশের পর বিষয়ভিত্তিক ফল বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।
ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে ইংরেজি বিষয়ে ৭৮ দশমিক ৪০ শতাংশ এবং গণিত বিষয়ে ৮২ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। রাজশাহী বোর্ডে ইংরেজি বিষয়ে পাসের হার ৭৪ দশমিক ৭ শতাংশ এবং গণিত বিষয়ে ৭৭ দশমিক ১৭ শতাংশ।
কুমিল্লা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে পাসের হার যথাক্রমে ৮১.২৯ ও ৮১.৭৫ শতাংশ। যশোর বোর্ডে এ দুটি বিষয়ে পাসের হার যথাক্রমে ৭১.৮৪ ও ৮৩.৩৪ শতাংশ।
চট্টগ্রাম বোর্ডে ইংরেজি বিষয়ে ৭২.২৭ এবং গণিত বিষয়ে ৮০.০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। বরিশাল বোর্ডে এ হার যথাক্রমে ৬৯.২৪ ও ৭৭.৯৮ শতাংশ। সিলেট বোর্ডে ইংরেজি বিষয়ে ৬৯.১১ এবং গণিত বিষয়ে ৭৫.৯৬ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এছাড়া, দিনাজপুর বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে পাসের হার যথাক্রমে ৭২.৯১ শতাংশ এবং ৭১.০৫ শতাংশ। ময়মনসিংহ বোর্ডে ইংরেজি বিষয়ে ৬৬.৬৪ শতাংশ এবং গণিত বিষয়ে ৬৯.৬১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি বিষয়ে ৭৯.২১ শতাংশ এবং গণিত বিষয়ে ৬৯ ৯৭ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডে ইংরেজি ও গণিত বিষয়ে পাসের হার যথাক্রমে ৯৪.৭৯ শতাংশ এবং ৭০.৯২ শতাংশ।
অন্যদিকে, আইসিটি বিষয়ে প্রায় শতভাগ পাস করেছে শিক্ষার্থীরা। রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও কারিগরি বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৯ শতাংশের ওপরে। ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ ও মাদরাসা বোর্ডে পাস করেছে ৮ শতাংশ এবং যশোরে বোর্ডে এ বিষয়ে পাসের হার ৯৭.৮৬ শতাংশ।
উল্লেখ্য, ২০২৬ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
এসএ