কক্সবাজার সৈকতে গোসলে নেমে ইয়াছিন আরাফাত (২০) নামে এক এইচএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট ও কলাতলীর মধ্যবর্তী সার্ফিং ক্লাবের সামনের এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইয়াছিন রামু সরকারি কলেজের উচ্চমাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলায়। পরিবারের সঙ্গে তিনি কক্সবাজার শহরের পেশকারপাড়া ফুলবাগ সড়ক এলাকায় থাকতেন।
জানা গেছে, আজ সকালে ইয়াছিন তাঁর তিন বন্ধু মো. শাহিদ, মো. সোহান ও মো. ওয়ালিদকে নিয়ে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে আসেন। প্রথমে তাঁরা কলাতলী সৈকত এলাকায় ঘোরাঘুরি করেন। পরে হাঁটতে হাঁটতে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মধ্যবর্তী সার্ফিং ক্লাবের সামনের সৈকতে যান। একপর্যায়ে চার বন্ধু সমুদ্রে গোসল করতে নামেন।
ইয়াছিনের বন্ধু মো. সোহান বলেন, গোসলের সময় হঠাৎ প্রবল ঢেউ ও স্রোতের কবলে পড়েন ইয়াছিন। স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় তাঁদের বন্ধু শাহিদ ইয়াছিনকে বাঁচাতে এগিয়ে গিয়ে তাঁর হাত ধরে ফেলেন। কিছুক্ষণ ধরে রাখতেও সক্ষম হন। কিন্তু স্রোতের তীব্রতায় একপর্যায়ে ইয়াছিনের হাত ছুটে যায়। মুহূর্তেই ঢেউয়ের মধ্যে তিনি নিখোঁজ হয়ে যান।
ঘটনার পর ইয়াছিনের বন্ধুরা কাছের পুলিশ বক্সে গিয়ে খবর দেন। পরে সি–সেইফের লাইফগার্ড কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। কিছুক্ষণ পর সমুদ্র থেকে ইয়াছিনকে উদ্ধার করা হয় এবং দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসএ