সন্তান বা নাতি–নাতনিকে সম্পত্তি দান করার পরও বাবা–মা ও দাদা–দাদির জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের আইনি অধিকার নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
এ লক্ষ্যে ‘দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (৩ আগস্ট) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘মন্ত্রিসভা বৈঠকে‘ এ–সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আইন ও বিচার বিভাগের উদ্যোগে প্রণীত ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’–এর মাধ্যমে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট, ১৮৮২’–এ দাতা কর্তৃক জীবনকালীন ভোগাধিকার (লাইফটাইম ইউসুফ্রাক্ট) সংরক্ষণের মাধ্যমে সম্পত্তি দানের বিধান সংযোজন করা হয়েছে।
বর্তমান আইনে এ সংক্রান্ত সুনির্দিষ্ট বিধান না থাকায় পিতা–মাতা বা দাদা–দাদি কর্তৃক সন্তান বা নাতি–নাতনিকে সম্পত্তি দান করেও নিজ জীবদ্দশায় তা ভোগ–ব্যবহারের আইনি নিশ্চয়তা অর্জন সম্ভব হচ্ছিল না।
প্রস্তাবিত সংশোধনীর মাধ্যমে এ বিষয়টি স্পষ্টভাবে আইনে অন্তর্ভুক্ত করে আইনি সুরক্ষা দেয়া হবে।
মন্ত্রিসভা লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং–সাপেক্ষে ‘দ্য ট্রান্সফার অব প্রোপার্টি (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’–এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
এসএ