জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে যোগ দিলেন অধ্যাপক নাজমুল হোসাইন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় উপাচার্য তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আলহোসেনসহ বিভিন্ন দপ্তরের পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে তার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২এর ১৪() ও ১৪() ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে বিবিএ ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ‘ইনফরমেশন সায়েন্স ফর বিজনেস’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

গবেষণায় তাঁর আগ্রহের ক্ষেত্রের মধ্যে রয়েছে বিগ ডেটা, মেশিন লার্নিং, ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ভোক্তা আচরণ এবং বিপণন। দেশিবিদেশি বিভিন্ন স্বীকৃত সাময়িকীতে তাঁর প্রায় ৩০টি গবেষণা প্রবন্ধ এবং দুটি বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে।

করপোরেট খাত ও একাডেমিয়ার মধ্যে সংযোগ জোরদারের লক্ষ্যে তিনি ‘ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি সংগঠনটির প্রতিষ্ঠাতা মডারেটরের দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি বাংলাদেশ ছাড়াও অস্ট্রিয়া, জার্মানি, সিঙ্গাপুর, পোল্যান্ড, মালয়েশিয়া, চীন, জাপান, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে অনুষ্ঠিত সেমিনার ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More