বঙ্গোপসাগরে হঠাৎ মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
রবিবার (১২ জুলাই) সকালে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫। এর প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি জেলায় মৃদু কম্পন অনুভূত হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি ও আপ্পুঘরসহ শহরের আরও কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়।
ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (ইনকয়েস) জানিয়েছে, রবিবার ভোরে বঙ্গোপসাগরে রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে। এর প্রভাবে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন এলাকায় হালকা কম্পন অনুভূত হয়েছে।
অন্যদিকে, ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহত, সম্পদের ক্ষয়ক্ষতি বা অন্য কোনও ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি।
এসএ