রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন ডুবে যাওয়ায় টানা ৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রেললাইন ডুবে যাওয়ায় টানা ৫ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার (১২ জুলাই) বেলা দেড়টার পর চট্টগ্রাম রেলস্টেশন থেকে কক্সবাজার উদ্দেশে ছেড়ে যায় ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস।

এর আগে, নগরীর ষোলশহর এলাকায় রেললাইনে পানি উঠে গেলে ঢাকা থেকে আসা এই ট্রেনটি মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আটকা পড়ে। পরে ওই দিন মধ্যরাতে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়।

আজ সকাল থেকে চট্টগ্রামে আবারও ভারী বর্ষণ হচ্ছে। এর মধ্যেই ট্রেন চলাচলের প্রস্তুতি নেয় রেলওয়ে। ট্রেন চালুর আগে দুপুরে ষোলশহর রেলস্টেশন পরিদর্শন করেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন।

তিনি বলেন, চট্টগ্রামে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের পরও গত মঙ্গলবার রেললাইনে পানি উঠেছে। এরপর সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এ ব্যাপারে তদারকি করা হয়। গত বুধবার রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ রেললাইন পরিদর্শন করেছেন।

মো. সুবক্তগীন আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রেলপথের বিভিন্ন অংশ পাথর দিয়ে প্রায় এক ফুট উঁচু করা হয়েছে। গতকাল শনিবার দিন–রাত কাজ করে চট্টগ্রাম–কক্সবাজার রেলপথ ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে। এরপর গতকালই ট্রেন চলাচলের ঘোষণা দেওয়া হয়।

রেলওয়ে পূর্বাঞ্চল জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ফারহান মাহমুদ বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে আজ বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে। এর আগে জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা চট্টগ্রাম–কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে আনা হয়। রেললাইন এখন চলাচলের জন্য নিরাপদ।

উল্লেখ্য, কক্সবাজার রুটে প্রতিদিন ৪ জোড়া ট্রেন চলাচল করে। এর মধ্যে চট্টগ্রাম থেকে দুই জোড়া ও ঢাকা থেকে দুই জোড়া চলাচল করে। প্রতিদিন ৮ থেকে ৯ হাজার যাত্রী যাতায়াত করেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More