গত ২৪ ঘণ্টায় বাংলাদেশের দক্ষিণ–পূর্বাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলসহ উজানের ভারতীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ৯টায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বেশ কিছু এলাকায় ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে ১৮৭.০ মিলিমিটার এবং মুন্সিগঞ্জের ভাগ্যকুলে ১৭২.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে ঢাকা (১৩৫.০ মিমি.), ভৈরব বাজার (১৩০.০ মিমি.), নরসিংদী (১২৪.০ মিমি.), ব্রাহ্মণবাড়িয়া (১২০.০ মিমি.), ফরিদপুর (১১৮.০ মিমি.), কক্সবাজার (১১৫.০ মিমি.), টেকনাফ (১১৩.০ মিমি.), জাফলং (১০৯.০ মিমি.), চট্টগ্রাম (১০৫.০ মিমি.) এবং খুলনা (১০০.০ মিমি.) এলাকায়।
পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলে ৫০ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে পাবনায় ৯৬.০ মিমি., দুর্গাপুরে ৮৩.০ মিমি., লরেরগড়ে ৭৮.০ মিমি., লাটুতে ৭৮.০ মিমি., জারিয়াজাঞ্জাইলে ৭৩.০ মিমি., পরশুরামে ৬৮.০ মিমি., নোয়াখালীতে ৬৪.০ মিমি., মাদারীপুরে ৬২.০ মিমি., মহেশখোলায় ৫৮.০ মিমি. এবং দক্ষিণবাগে ৫৬.০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
উজানের বৃষ্টিপাত
দেশের বাইরে উজানের সীমান্তবর্তী ভারতীয় অঞ্চলেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতের মেঘালয়ের আর. কে. এম. সোহরায় ১৬৮.০ মিমি., আসামের গোহাটিতে ১২০.০ মিমি., চেরাপুঞ্জিতে ১০০.০ মিমি., রাতাচেরায় ৮০.০ মিমি., মাওফালংয়ে ৭৮.০ মিমি. এবং ত্রিপুরার বেলোনিয়ায় ৬৬.০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।