শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ড ম্যাচের আগে যা বললেন স্কালোনি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। তবে তিনি আসার আগেই সংবাদ সম্মেলন কক্ষ পরিপূর্ণ।

আর্জেন্টিনার মিডিয়া অফিসারের সঙ্গে বেশ হাসিমুখেই সম্মেলন মঞ্চে উঠলেন বিশ্বকাপ জয়ী কোচ। আগামীকাল কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও অনেকটাই চাপহীন ছিলেন স্কালোনি।

স্প্যানিশ ভাষাতেই সকল প্রশ্ন ও উত্তর হয়েছে। আগামীকাল সুইজারল্যান্ড ম্যাচ হলেও অনেক প্রশ্ন হয়েছে কাতার বিশ্বকাপ ও তার ব্যক্তিগত বিষয়ে। সরাসরি কোয়ার্টার ফাইনাল সংক্রান্ত প্রশ্ন দুইতিনটির বেশি হয়নি।

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে উঠেছে। তাই সুইজারল্যান্ডকে বিশেষ সমীহ আর্জেন্টাইন কোচের, ‘অবশ্যই তারা কোনো সহজ প্রতিপক্ষ নয়। অনেক ভালো মানের দল। তাদের রক্ষণ যেমন শক্তিশালী তেমনই পুশ ফরোয়ার্ড করেও খেলতে পারে।’

সুইজারল্যান্ড আর্জেন্টিনার কোয়ার্টারের প্রতিপক্ষ হলেও লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার জন্য খানিকটা সমবেদনা প্রকাশ করেছেন স্কালোনি। শেষ ষোলোতে কলম্বিয়ার বাদ পড়ে যাওয়া নিয়ে বলেন, ‘কলম্বিয়া বেশ ভালো দল ছিল। লাতিন আমেরিকায় তারা একটি পাওয়ার হাউজ। তারা কোয়ার্টারে শেষ পর্যন্ত আসতে পারেনি। সুইজারল্যান্ড তাদের হারিয়ে এসেছে তাদের শক্তিমত্তা দিয়ে।’

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে হেরে শুরু করেছিল। এই বিশ্বকাপে পাঁচ ম্যাচই জিতেছে। এরপরও উন্নতির জায়গা দেখছেন অনেক, ‘আমাদের উন্নতির আরও জায়গা আছে। এখনো আমরা নিখুঁত নই, আরও অনেক কাজ করতে হবে।’

আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর থেকে একই একাদশ তিন ম্যাচের বেশি তিনি খেলাননি। এই বিশ্বকাপে কয়েকটি ম্যাচে একাদশে পরিবর্তন আনেননি। আগামীকালও কি একই ধারা থাকবে? স্কালোনির উত্তর, ‘এটা অনেক সময় আমি করে থাকি। আগামীকালও একই একাদশ থাকতে পারে।’

আর্জেন্টিনা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। দুরন্ত গতিতে এগিয়ে চলছেন লিওনেল মেসি। তাই স্বাভাবিকভাবেই পুনরায় বিশ্বকাপ জেতার প্রসঙ্গ এসেছিল সংবাদ সম্মেলনে। আর্জেন্টাইন কোচের খুব গোছালো উত্তর, ‘আমরা এখন সুইজারল্যান্ড ম্যাচ নিয়েই ভাবছি। অন্য কিছু চিন্তা করছি না।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More