স্বপ্ন দেখতে তো দোষ নেই। তাই বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে রাউন্ড অব ৩২–র ম্যাচের আগে লড়াই করে জয়ের ঘোষণাই দিলেন কেপ ভার্দে প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।
ইতিহাস গড়ে এবারই প্রথম বিশ্বকাপ খেলতে এসেছে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্দে। শুধু খেলছেই না, অভিষেক আসরে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করার পর সৌদি আরবকেও আটকে রেখে শেষ ৩২ নিশ্চিত করে দলটি।
গ্রুপের শেষ ম্যাচে স্পেনের কাছে উরুগুয়ে হেরে যাওয়ায় কেপ ভার্দের সামনে খুলে যায় নকআউট পর্বের দরজা। আর প্রথম নকআউট ম্যাচেই তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় হবে সেই ম্যাচ।
গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয় নিয়ে শেষ ৩২–এ উঠেছে আর্জেন্টিনা। ৩ ম্যাচে আর্জেন্টিনার ৮ গোলের মধ্যে ছয়টিই এসেছে মেসির পা থেকে। তাই কাগজে–কলমে পরিষ্কার ফেভারিট আলবিসেলেস্তেরাই।
তবে এসব পরিসংখ্যানকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না কেপ ভার্দে প্রেসিডেন্ট নেভেস।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে নেভেস বলেছেন, আরেকটি চমক দেখিয়ে ইতিহাস গড়তে পারে তার দেশ।
তিনি বলেন, “আমার বিশ্বাস, আর্জেন্টিনাকে ১–০ গোলে হারাতে পারে কেপ ভার্দে। আমরা জিততেই খেলতে নামব। কোনো দলকে নিয়ে যখন প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জয়ের ক্ষুধা প্রবল থাকে, তখন অনেক কিছুই সম্ভব।”
“কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সবসময়ই মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করা উচিত। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের শতভাগ সম্ভাবনা আছে।”
নেভেস আরও বলেন, “আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। সেই ভাগ্যই আমাদের চ্যাম্পিয়নদের বিপক্ষে দাঁড় করিয়েছে। তাই আর্জেন্টিনা ও মেসির বিপক্ষেও আমরা একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের ইচ্ছা নিয়েই মাঠে নামব। লক্ষ্য একটাই– পরের রাউন্ডে ওঠা।”
তথ্যসূত্র: টি স্পোর্টস
এসএ