মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ড্রেনে রক্তাক্ত কুকুর: নির্যাতনের অভিযোগে থানায় মামলা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

বগুড়া শহরের কানছগাড়ী এলাকায় একটি পথকুকুরকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া) বগুড়া শাখার আহ্বায়ক কমিটির সদস্য মো. এমরান হোসেন বাদী হয়ে এই মামলা করেন। মামলায় কানছগাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা ও ফার্নিচার ব্যবসায়ী মো. স্বপনকে অভিযুক্ত করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, সোমবার দুপুরে মোবাইল ফোনে খবর পেয়ে এমরান হোসেন কানছগাড়ী এলাকার ইন্ডিপেন্ডেন্ট হাসপাতালের পশ্চিম পাশের একটি গলিতে যান। সেখানে একটি সাদাকালো রঙের পথকুকুরকে গুরুতর আহত অবস্থায় ড্রেনে পড়ে থাকতে দেখেন তিনি। পরে স্থানীয় দুই ব্যক্তি এসএম সাদিকুল ইসলাম ও রাফিদ ইয়াসাদের সহযোগিতায় কুকুরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জলেশ্বরীতলার একটি পশু চিকিৎসাকেন্দ্রে নেয়া হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, ঘটনাস্থলে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত স্বপন ধারালো কোনো অস্ত্র দিয়ে আঘাত করে কুকুরটিকে গুরুতর জখম করেছেন। আহত প্রাণীটির চিকিৎসা নিশ্চিত করতে ব্যস্ত থাকায় এবং সংগঠনের নেতাদের সঙ্গে পরামর্শ করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বগুড়া সদর থানা কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

এমরান হোসেন জানান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ও জেলা প্রাণিসম্পদ বিভাগের একটি সমন্বিত চিকিৎসক দল কুকুরটিকে চিকিৎসা দেয়। উন্নত চিকিৎসার পর প্রাণীটি বর্তমানে কিছুটা সুস্থ হয়ে উঠেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More