বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল!

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিয়ুস জুনিয়র যেন গোল করা থামাতেই পারছেন না। বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই জোড়া গোল করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন তিনি।

ভিনিসিয়ুসের এই ধারাবাহিক পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের মনে নতুন করে শিরোপার স্বপ্ন জাগিয়েছে। কারণ, বিশ্বকাপের ইতিহাসে একটি চমকপ্রদ মিল রয়েছে। এর আগে যখনই কোনো ব্রাজিলিয়ান ফুটবলার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন, তখনই ব্রাজিল শেষ পর্যন্ত বিশ্বকাপ জিতেছে।

১৯৭০ বিশ্বকাপে জাইরজিনিও গ্রুপ পর্বের তিন ম্যাচেই গোল করেছিলেন। সেবার ব্রাজিল বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। ১৯৯৪ বিশ্বকাপে একই কীর্তি গড়েছিলেন রোমারিও। সেই আসরেও শিরোপা জিতেছিল সেলেসাওরা।

২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদো—দুজনই গ্রুপ পর্বের তিন ম্যাচে গোল করেছিলেন। সেই বিশ্বকাপেও ব্রাজিলই হয়েছিল চ্যাম্পিয়ন।

এবার ২০২৬ বিশ্বকাপে ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করে সেই বিশেষ তালিকায় নাম লিখিয়েছেন। ফলে ইতিহাসের ধারাবাহিকতা বজায় থাকলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের সম্ভাবনাও জোরালো হয়ে উঠছে।

অবশ্য ইতিহাসের পুনরাবৃত্তি সব সময় ভবিষ্যতের নিশ্চয়তা দেয় না। তবে জাইরজিনিও, রোমারিও, রোনালদো ও রিভালদোর পর ভিনিসিয়ুসের এমন কীর্তি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। এখন দেখার বিষয়, ভিনিসিয়ুস কি সেই সৌভাগ্যের ধারাকে ধরে রেখে ব্রাজিলকে আরেকটি বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেন কি না। সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More