চলতি বিশ্বকাপে দুই ম্যাচে ব্রাজিলের গোল ৪, আর মেসির একারই ৫। পরিসংখ্যানটাই যেন বলে দিচ্ছে এবারের বিশ্বকাপে লিওনেল মেসির দাপট কতটা ভয়ঙ্কর।
গ্রুপ ‘জে’এর দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২–০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে পেনাল্টি মিস করলেও পরে নিজের ছন্দে ফিরে আসেন মেসি। দলের হয়ে দুটি গোল করে জয় নিশ্চিত করার পাশাপাশি গড়েন একাধিক রেকর্ড।
ম্যাচের প্রথম গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করেন। পরে ইনজুরি সময়ে আরও একটি গোল করে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেন।
এর আগে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি, যা তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। সেই ম্যাচের পর থেকেই গোলের ধারাবাহিকতা ধরে রেখে অস্ট্রিয়ার বিপক্ষেও জোড়া গোল করে চলতি আসরে এখন পর্যন্ত তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫–এ, যা টুর্নামেন্টের সর্বোচ্চ।
আগ্রহের বিষয় হলো, মেসির একার গোলসংখ্যার কাছাকাছিও নেই এই বিশ্বকাপে অংশ নেয়া অনেক দল। আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচের পর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট হু স্কোর জানায়, এবারের বিশ্বকাপে অংশ নেয়া ৪৮ দলের মধ্যে ৪০টি দল এখনো ৫ গোলের মাইলফলক স্পর্শ করতে পারেনি।