প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে একটি মহল নতুন করে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (২০ জুন) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
রাশেদ খান বলেন, “বিরোধীদল প্রতিনিয়ত হুমকি দিচ্ছে যে ৭ দিনের মধ্যে সরকার নামিয়ে দেবে। অথচ গত জুলাইয়ের (গণঅভ্যুত্থানের) আগে তাদের মগবাজার অফিসে তালা ঝুলানো ছিল।”
তিনি আরও বলেন, “তারা নির্বাচনের আগে বলেছিল গাড়ি–বাড়ি চায় না। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন, এখন তাদের মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনও লাগে।”
বিএনপিকে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ রাজনৈতিক দল হিসেবে দাবি করে রাশেদ খান বলেন, “বিএনপি কখনই দেশে কোনো সাম্প্রদায়িক অবস্থা বা অস্থিরতা সৃষ্টি করেনি। সব রাজনৈতিক দলের জন্যই বিএনপি একটি নিরাপদ ও নির্ভরযোগ্য দল।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।