বিশ্বকাপ মঞ্চে নিজেদের অভিষেক ম্যাচেই শক্তিশালী স্পেনকে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। তবে মাঠের এই চমকের আড়ালে নীরবে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। গতকাল আটলান্টায় কেপ ভার্দে যে জার্সি গায়ে খেলেছে সেটা ছিল বাংলাদেশের তৈরি।
সোমবার (১৫ জুন) বিশ্বকাপের ‘জি’ গ্রুপে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি।
জানা গেছে, কেপ ভার্দে জাতীয় দলের জার্সি কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়ঙ্গান কর্পোরেশন। আর জার্সিগুলো তৈরি ও সেলাই হয়েছে ঢাকার কুড়িলে অবস্থিত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘কাপেলি স্পোর্ট’–এর নিজস্ব কারখানায়।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে অনেক আগেই শক্ত অবস্থান তৈরি করেছে। এবার স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ম্যাচটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সেই গৌরবকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
বিগত বছরগুলোতে স্পোর্টসওয়্যার উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভিন্ন নামিদামি ক্লাব ও জাতীয় দলের জার্সি উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো।
বিশ্বমঞ্চে বাংলাদেশের তৈরি জার্সি ব্যবহারের ঘটনা দেশে তৈরি পোশাক ও ক্রীড়া সামগ্রী শিল্পের জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ম্যাচের স্কোরলাইন হয়তো সময়ের সঙ্গে বদলে যাবে, কিন্তু বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশের এই নীরব উপস্থিতি দেশের শিল্পখাতের সক্ষমতার আরেকটি উদাহরণ হয়ে থাকবে।
এসএ