জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবার সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) দুপুরে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা গ্রামের মোরারপাড়া অবস্থিত শহীদ ওয়াসিমের বাড়িতে যান প্রধানমন্ত্রী।
সেখানে প্রধানমন্ত্রী শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
পরে তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাৎকালে শহীদ ওয়াসিমের বাবা শফিউল আলম ও মা জোসনা আক্তারের হাতে ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের কল্যাণ ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় পাশে থাকবে।
প্রধানমন্ত্রীর এই সফরে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সরকার ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনে মুরাদপুর এলাকায় নিহত হন মোহাম্মদ ওয়াসিম। তিনি চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এসএ