দক্ষিণ লেবাননে ইসরায়েলের একাধিক বিমান হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ হামলারয় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খবর শাফাক নিউজের।
শনিবার (২৩ মে) কাফরা এলাকায় উদ্ধারকাজ চালানোর সময় সিভিল ডিফেন্সের কর্মীদের ওপরও হামলা চালানো হয়।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, শনিবার টায়ার শহরের উত্তরে আল–বাকবুক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। উদ্ধারকারী দল চারটি মৃতদেহ উদ্ধার করলেও একজন নারীর মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। চলমান ইসরায়েলি হামলা জরুরি উদ্ধারকারী দলগুলোর কাজে বাধা সৃষ্টি করছে।
নাবাতিয়া জেলার সিয়ের আল–গারবিয়া শহরে একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো পৃথক এক ইসরায়েলি বিমান হামলায় অন্তত নয়জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।
এনএনএ জানিয়েছে, রাশায়া আল–ওয়াদি জেলার আল–রাফিদ শহরে ভোরবেলায় ইসরায়েলি যুদ্ধবিমান থেকে এক হামলায় একটি বাড়িতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। আরেকটি বিমান হামলায় আল–শাহাবিয়া শহরে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।
এনএনএ আরও জানিয়েছে, টায়ার জেলার আল–হুশ শহরে একটি ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। টায়ার জেলার দেইর কানুন এন–নাহর শহরে রাতভর চালানো এক হামলায় একটি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চারজন নিহত হয়েছেন।