মঙ্গলবার, মে ১৯, ২০২৬
মঙ্গলবার, মে ১৯, ২০২৬

ঈদে চিকিৎসাসেবা নিশ্চিতে অধিদপ্তরের ১৮ নির্দেশনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটিকালীন সময়ে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ১৮ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, ঈদের ছুটির সময় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হাসপাতালসমূহে জরুরি বিভাগ, লেবার রুম, ইমারজেন্সি ওটি, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই সার্বক্ষণিক চালু রাখতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, জরুরি বিভাগে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত চিকিৎসক পদায়নের মাধ্যমে ২৪ ঘণ্টা চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাসপাতালগুলোতে পর্যাপ্ত জনবল বজায় রাখতে ঈদের আগে ও পরে সমন্বয়ের মাধ্যমে পর্যায়ক্রমে ছুটি দেওয়ার কথা বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ল্যাব ও এক্সরে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে। উপজেলা পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের অনকল সেবাও নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া শিশু ওয়ার্ড ও হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের সকাল ও বিকেলে দুই দফা রাউন্ড দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

ঈদের ছুটির আগেই হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রিএজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী মজুদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অ্যাম্বুলেন্স সার্ভিস সচল রাখা এবং হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম অবহিত করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ছুটিকালীন সময়ে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে ও প্রতিষ্ঠান প্রধানদের সেবাদানকারী কর্মকর্তাকর্মচারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকেও নিবন্ধিত চিকিৎসকের অধীনে সার্বক্ষণিক জরুরি, প্রসূতি ও হাম ওয়ার্ড চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রোগী রেফারের আগে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা নিশ্চিত এবং অপ্রয়োজনে রোগী রেফার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, পশুর হাটসংলগ্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ প্রস্তুতি নিতে হবে। এছাড়া যেকোনো দুর্যোগ বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার তথ্য দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে জানাতে হবে।

মহাপরিচালকের অনুমোদনক্রমে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More