বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি তুলে ১৩৭ রানে আউট হন মুশফিক।
এই ইনিংস খেলার পথে বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ১৬ হাজার পূর্ণ করেন মুশফিক। ৪৭৮ ম্যাচের ৫৩৫ ইনিংসে মুশির রান এখন– ১৬,০৫৮। ক্যারিয়ারে ২২টি সেঞ্চুরির সাথে ৮৪টি অর্ধশতকও আছে তার। ব্যাটিং গড়– ৩৪.৪৮।
এরমধ্যে ১০২ টেস্টের ১৮৮ ইনিংসে ৬,৭৬৩ রান, ২৭৪ ওয়ানডেতে ২৫৬ ইনিংস ব্যাট করে ৭,৭৯৫ রান এবং ১০২ টি–টোয়েন্টির ৯৩ ইনিংসে ১৫০০ রান করেছেন মুশফিক।
মুশফিকের পর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আছে তামিম ইকবালের। ৩৯১ ম্যাচের ৪৫২ ইনিংসে ২৫ সেঞ্চুরি ও ৯৪ হাফ–সেঞ্চুরিতে ১৫,২৪৯ রান করেছেন তিনি। তামিমের ব্যাটিং গড়– ৩৫.২১।
আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড ভারতের শচীন টেন্ডুলকারের। ৬৬৪ ম্যাচের ৭৮২ ইনিংসে ৩৪,৩৫৭ রান করেছেন টেন্ডুলকার।