আওয়ামী লীগ দেশে ফিরলে তারা প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর বলে মন্তব্য করেছেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে এনসিপি‘তে যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন বলেন, শেখ হাসিনা উঁকিঝুঁকি মারতেছে। আ.লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলব, যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে; তাহলে তারা প্রথম কোপ, প্রথমে গুলি চালাবে তারেক রহমানের ওপরে। তারেক রহমানের ইতিহাস জানা উচিত। সেই সময় তারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল।
তিনি বলেন, যদি তিনি (তারেক রহমান) ইতিহাস না জানেন, তাহলে তার বাপের যে পরিণতি হয়েছিল, একই পরিণতি হতে পারে। এ জন্য তারেক রহমানকে আমরা বলব—ডোন্ট ডু কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। আমরা কিন্তু একই ফ্রন্টে যুদ্ধে করছি।
তরুণ এই রাজনীতিবিদ আরও বলেন, উন্নয়নের নামে সরকার নানা ধরনের কার্ড দিচ্ছে। সেই কার্ডগুলোতে টাকা না এলে আমরাও একটা কার্ড দেখাব। সেই কার্ডের নাম হলো ‘লাল কার্ড‘।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে যদি আপনি (তারেক রহমান) সংস্কার বাস্তবায়ন না করেন, তাহলে আপনার গদি থাকবে কি না—সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। কারণ, জনগণ ভোট দিয়েছে। জনগণ ম্যান্ডেট দিয়েছে। এই জনগণের বাক্সে যদি কেউ লাথি মারতে চায়, আমরাও তার গদিতে লাথি মারতে, কুণ্ঠাবোধ করব না।
এসএ