সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন নিশ্চিত হাম আক্রান্ত হয়ে এবং বাকি ৭ জন হাম উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।
রবিবার (১০ মে) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আর ২০৫টি শিশুর হাম শনাক্ত হয়েছে। আর হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৭৮ জন শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৬৫ জন শিশুর।
স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮১৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ১৫৯ জন।
এছাড়া, এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩০ হাজার ৮৬২ জন।
এসএ