জামায়াত সংবিধান বিরোধী নয়। তবে যে বিষয়গুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেসব বিষয়ের পরিবর্তন চাই বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে কথা বলার সময় তিনি এ কথা তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই সংবিধান ছুড়ে ফেলার কথা বলেনি বরং সংবিধানের পরিবর্তন চেয়েছে।
তিনি বলেন, ‘সংবিধানের দোহাই দিয়ে আর কোনো ফ্যাসিবাদকে ফিরতে দেবো না। ফ্যাসিবাদের কবর রচনা করতে চাই। ক্ষমতার গরম দিয়ে কেউ যেন পার না পায়, সেই বাংলাদেশ গড়তে চায় জামায়াত।’
জামায়াত আমির বলেন, ‘এ সংসদের সবাই মজলুম। সংবিধানের যেসব সুযোগ ফ্যাসিবাদ জন্ম দিয়েছিলো, সেগুলো ফেলে দিয়ে নতুন বাংলাদেশ চাই।ফ্যাসিবাদের দাফন করতে চাই আমরা।’
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ কলিজার অংশ। আমরা আদেশ, অভ্যুত্থান, সনদ বাস্তবায়ন মানি। সবাই হ্যাঁ–এর পক্ষে কথা বলেছি। জুলাই অভ্যুত্থান, নব্বইয়ের গণ অভ্যত্থান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন কোনোটাকেই আমরা অস্বীকার করতে পারি না।’
এসএ