বুধবার, মার্চ ২৫, ২০২৬
বুধবার, মার্চ ২৫, ২০২৬

হাওরের বুকজুড়ে শিলার ক্ষত, এক রাতেই ডুবে গেল কৃষকের স্বপ্ন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে বজ্রসহ ভয়াবহ শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে বৃষ্টিতে জেলার প্রায় চার হাজার হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাওরাঞ্চলেই ক্ষতির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

জানা গেছে, হাওর অধ্যুষিত ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী উপজেলাসহ জেলা সদর, পাকুন্দিয়া, হোসেনপুর, কটিয়াদী ও ভৈরবের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টি হয়। অনেক স্থানে শিলার পরিমাণ এতটাই বেশি ছিল যে জমি ও সড়ক সাদা হয়ে যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মিঠামইনে প্রায় ২ হাজার ৫০০ হেক্টর জমির বোরো ধান। এছাড়া ইটনায় ৯৮৬ হেক্টর, অষ্টগ্রামে ১৪০ হেক্টর, নিকলীতে ১০০ হেক্টর, পাকুন্দিয়ায় ১২০ হেক্টর, হোসেনপুরে ১০ হেক্টর, কুলিয়ারচরে ৬ হেক্টর এবং ভৈরবে ২ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাদিকুর রহমান বলেন, শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ধানের, বিশেষ করে হাওরাঞ্চলে। ক্ষতিগ্রস্ত কৃষকদের করণীয় বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি নিজেও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

এদিকে নিকলী আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার রাতে নিকলীতে ১৯ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে সেখানে শিলাবৃষ্টিও হয়েছে।

মশিউর রহমান নাদিম/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More