শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দৌলতদিয়ায় নদীতে ডুবল বাস, ঢাকা থেকে যাচ্ছে ডুবুরি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দৌলতদিয়ায় নদীতে ডুবল বাস, ঢাকা থেকে যাচ্ছে ডুবুরি দল
দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী।

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা থেকে যাচ্ছে আরও একটি ডুবুরি দল। এছাড়া যাত্রীবাহী বাস উদ্ধারে ঘটনাস্থলে কাজ শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা।

বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে ৩ নম্বর পল্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরীতে ওঠার সময় নদীতে পড়ে যায়। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা কাজ করছে। ঢাকা থেকে আরও টিম পাঠাচ্ছে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ হামজা উদ্ধার অভিযান শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ছেড়ে বাসটিতে অর্ধশশতাধিক যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর সাত থেকে আটজন যাত্রী পাড়ে উঠতে সক্ষম হন। বাসটিতে থাকা অন্য যাত্রীদের এখনো হদিস পাওয়া যায়নি।

সাঁতরে পাড়ে ওঠা আব্দুল আজিজ নামে এক ব্যক্তি জানান, চোখের পলকে বাসটি নদীতে পড়ে যায়। তিনি কোনো রকম পাড়ে উঠেছেন। তবে তার স্ত্রী, ছয় বছরের সন্তান ও শাশুড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না।