প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান আজ রবিবার (২২ মার্চ) সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, ডা. জুবাইদা রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি–২০১) একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমান একটি চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিতে লন্ডন গেছেন।
জুবাইদা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনে ১৭ বছর থাকার পর গত বছর বাংলাদেশে ফিরে আসেন। সেখানে থাকাকালে তিনি লন্ডনের একটি হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন।
গত শনিবার ঈদের দিন ডা. জুবাইদা রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন। পরে তারা শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।