চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কেরু অ্যান্ড কোম্পানির একটি ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফুল ইসলাম (৩০) নামে সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
রবিবার (৮ মার্চ) রাত আটটার পরে উপজেলার শিয়ালমারি পশুহাটের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়ার মৃত মসলেম আলীর বড় ছেলে। আহতরা হলেন– একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) ও রবিউল ইসলামের ছেলে ফারুক (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে আরিফুল ইসলাম তার দুই বন্ধু সোহেল ও ফারুককে নিয়ে মোটরসাইকেলে করে জীবননগর থেকে উথলীর দিকে যাচ্ছিলেন। তারা একটি ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে ফিরছিলেন। পথে শিয়ালমারি পশুহাট এলাকায় পৌঁছালে কেরু অ্যান্ড কোম্পানির আলুবোঝাই একটি ট্রাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি আলমসাধু গাড়ি আসতে দেখা যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ট্রলিতে ধাক্কা খায়।
সংঘর্ষে আরিফুল ইসলাম সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এতে তার মাথায় মারাত্মক আঘাত লাগে এবং ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলে থাকা অপর দুইজনও ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই আরিফুল ইসলামের মৃত্যু হয়। পরে আহত সোহেল ও ফারুককে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিয়ালমারি পশুহাট এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
হোসাইন মালিক/এজে/দীপ্ত সংবাদ