জাতীয় পার্টি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনে লড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেন, ‘যদি নির্বাচনে অনিয়মের কোনো আলামত পরিপূর্ণভাবে আমরা পাই, তাহলে সেটা নিয়ে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব। যদি দেখি ভোট সুষ্ঠু হচ্ছে না, তখন আমরা দলীয় ফোরাম থেকে সিদ্ধান্ত নেব। তবে আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে চাই।’
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় সুন্দরগঞ্জ উপজেলার তেলানীপাড়া মফিজুল হক পাটোয়ারী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোট দেন।
ভোট প্রদান শেষে তিনি বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন। দুপুর ১২টায় বামনডাঙ্গা আব্দুল হক মহাবিদ্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
এ সময় এক প্রশ্নের জবাবে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘এখন পর্যন্ত ভোটারদের মধ্যে আমরা উৎসাহ দেখছি। তবে প্রচুর বাইরের লোক দেখছি।’
তিনি আরও বলেন, ‘বিভিন্ন মামলার হুমকি দেয়া হচ্ছে। আ. লীগ সমর্থকদের হুমকি দেয়া হয়েছে। গ্রেপ্তারের হুমকি দেয়া হয়েছে। যাতে তারা কেন্দ্রে যেতে না পারে। এটা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। সবার নির্বাচনে সহায়তা করা উচিত। সুষ্ঠু ভোট হলে ফলাফল যাই হোক, আমরা মেনে নেব।’
উল্লেখ্য, গাইবান্ধা–১ আসন থেকে লাঙ্গল প্রতীক নিয়ে লড়াই করছেন শামীম হায়দার পাটোয়ারী।
এসএ